স্টাফ রিপোর্টার | বুধবার, ১৬ মে ২০১৮ | পড়া হয়েছে 1042 বার
নাটোরের লালপুর উপজেলায় ধর্ষণের পর তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চলতি বছরের জানুয়ারিতে জোর করে ধর্ষণের পর ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়। পরিবারের লোকজন মঙ্গলবার বিষয়টি বুঝতে পারে। রাতেই এ ব্যাপারে লালপুর থানায় অভিযোগ করেন ওই ছাত্রী মা।
এরপরই সিদ্দিকুর রহমান (৫৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লালপুর থানা ও পারিবারিক সূত্র জানায়, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রীর বয়স মাত্র ৯ বছর। গত ১৫ জানুয়ারি ২০১৮ তারিখ বিকালে বাড়ির পাশে খেলা করছিল ওই ছাত্রী। এ সময় তাকে ডেকে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী মৃত আবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (৫৫)।
বাড়িতে একটি কক্ষে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তার ক্ষতি করবে বলে হুমকি দেয়ায় স্কুলছাত্রী ভয়ে কাউকে বিষয়টি জানায়নি। মঙ্গলবার বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রীকে চাপ দিলে ধর্ষণের ঘটনা বলে দেয়।
এ ব্যাপারে স্কুলছাত্রীর মা জানান, আমার শিশুকন্যাকে ভয়ভীতি দেখিয়ে এ কাজ করেছে সিদ্দিক। সিদ্দিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো ব্যক্তি এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটাতে সাহস না পায়।
লালপুর থানা ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযুক্ত সিদ্দিকুরকে আটক করে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ডাক্তারি রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।