নিউজ ডেস্ক | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | পড়া হয়েছে 76 বার
ফেনীর ছাগলনাইয়ায় নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্তর্গত অলিনগর বোট ক্যাম্প এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অভিযানের বিষয়ে টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৯ ডিসেম্বর পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে ৩৫টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তার আগে ১ ডিসেম্বর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় বালু উত্তোলনে ব্যবহৃত ৩৭টি মেশিন জব্দ করা হয়।
তারেক চৌধুরী/এমএসএ