নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 297 বার
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে মশাল মিছিল করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলে আরও অংশ নেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের গোলাম মাওলা শাহিনসহ কেরানীগঞ্জ বিএনপি ও ঢাকা মহানগর যুবদল দক্ষিণের নেতা-কর্মীরা।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, এই মশাল মিছিল হচ্ছে দ্রোহের আগুন, অন্যায়ের বিরুদ্ধে আগুন। সরকারের অন্যায়ের বিরুদ্ধে এই আলোর মিছিল। সরকারের অন্যায়ের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
সমাবেশে তিনি আরো বলেন, সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে এই ক্ষমতাকে সুরক্ষিত রাখতে এই সরকার প্রতিবেশী দেশকে সব উজাড় করে দিচ্ছে। এই সরকারের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছু বড় নয়, বড় হলো ক্ষমতায় থাকা। আর ক্ষমতা কুক্ষিগত রাখতেই বেগম খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তবে দেশের মানুষ সংঘবদ্ধ হচ্ছে এই ভোট ডাকাতদের বিরুদ্ধে। পতনের সময় ঘনিয়ে আসছে। রিজভী অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানান।
‘খালেদা জিয়াকে হয়ত সারা জীবনই জেলে কাটাতে হবে’- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সরকারের নির্দেশে খালেদা জিয়া জেলে গেছেন-এটা তার কথায় প্রমাণিত হল। তারা দেশ বিক্রি করবেন, পানি বিক্রি করবেন, দেশের উপকূলে অন্যদের পর্যবেক্ষণ করার সুযোগ দেবেন- এর বিরুদ্ধে যার কণ্ঠ আপোষহীন, দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য যিনি সোচ্চার থাকবেন তাকেই তো আপনারা জেলে রাখবেন।